বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › ঢাকা প্রতিদিন › মোহাম্মদপুরে বাড়ি দখলের চেষ্টা: দেশীয় অস্ত্রসহ আরও ৪ কিশোর গ্যাং সদস্য আটক

মোহাম্মদপুরে বাড়ি দখলের চেষ্টা: দেশীয় অস্ত্রসহ আরও ৪ কিশোর গ্যাং সদস্য আটক

favicon
ভোরের আলো ডেস্ক:
মোহাম্মদপুরে বাড়ি দখলের চেষ্টা: দেশীয় অস্ত্রসহ আরও ৪ কিশোর গ্যাং সদস্য আটক

রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকে বাড়ি দখলের চেষ্টার ঘটনায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের আরও চার সদস্যকে আটক করেছে পুলিশ। এ নিয়ে ঘটনায় গ্রেফতার ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া সবাই ‘কব্জিকাটা’ গ্রুপের সদস্য।


গত শনিবার শেখেরটেকে একটি বাড়ি দখলের চেষ্টা চালানোর অভিযোগ ওঠে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযান চালিয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে আদাবরের নবোদয় হাউজিংসংলগ্ন কাঁচাবাজারের কালভার্ট এলাকা থেকে চারজনকে আটক করে পুলিশ।


আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, আটক চারজন ওই গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য। তারা একসঙ্গে সেখানে অবস্থান করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের কয়েকজন পালিয়ে যায়।


ওসি আরও জানান, পুলিশের অভিযানের সময় আটক ব্যক্তিরা চাপাতি দিয়ে হামলার চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে বডিগার্ডের শটগান থেকে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এতে দুজন আহত হয়। পরে চারজনকে আটক করা হয়।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় এলাকায় কিশোর গ্যাংয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাদের কারণে চাঁদাবাজি, মাদক বিক্রি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ভোগান্তি তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তারা।


এক স্থানীয় বাসিন্দার ভাষ্য, এলাকায় চাঁদাবাজি, মাদক বিক্রি ও ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িত রয়েছে এসব কিশোর।


পুলিশ জানিয়েছে, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে শুধু অভিযান ও গ্রেফতারই যথেষ্ট নয়। এ জন্য পরিবার এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।