রাজধানীর জুরাইনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত
রাজধানীর কদমতলীর জুরাইন নবারন গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কদমতলী থানার উপপরিদর্শক মিঠুন মণ্ডল ঘটনাস্থল থেকে মিন্টুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে রাত পৌনে ১১টার দিকে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, মিন্টুর শরীরের দুই পা, পিঠসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের জখম রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তবে কারা, কী কারণে তাকে ছুরিকাঘাত করেছে এবং তিনি সেখানে কেন গিয়েছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা কোনো তথ্য দিতে পারেননি।
নিহত মিন্টু মাদারীপুর জেলার কালকিনি উপজেলার চর ফতিবাহাদুর গ্রামের মৃত আবুল হোসেন মৃধার ছেলে। তিনি কেরানীগঞ্জের হাসনাবাদ মোকামপাড়া মসজিদের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন।