শনিবার , ০৭ নভেম্বর ২০২৬
শনিবার , ০৭ নভেম্বর ২০২৬
হোম › ঢাকা প্রতিদিন › রাজধানীর চার স্থানে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

রাজধানীর চার স্থানে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

favicon
ভোরের আলো ডেস্ক:
রাজধানীর চার স্থানে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

রাজধানীর চারটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আদাবর, বিমানবন্দর, মিরপুরের কালশী মোড় ও শাহবাগ এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


শনিবার (৭ নভেম্বর) রাত ১২টার দিকে দুর্বৃত্তরা এসব বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।


জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে শাহবাগের জুলাই চত্বরের পাশে প্রথম ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দর গোলচত্বরের ফ্লাইওভার থেকে মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। প্রায় একই সময়ে মিরপুরের কালশী মোড়েও বিস্ফোরণের খবর পাওয়া যায়।


এর আগে শুক্রবার রাত ৯টার দিকে আদাবর থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।


ঘটনার খবর পেয়ে পুলিশের কর্মকর্তারা সংশ্লিষ্ট স্থানগুলো পরিদর্শন করেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই দুর্বৃত্তরা এসব ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।