শনিবার , ৩১ অক্টোবর ২০২৬
শনিবার , ৩১ অক্টোবর ২০২৬
হোম › ঢাকা প্রতিদিন › তাহসিফের রহস্যমৃত্যু: মধ্যরাতে বন্ধু দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যমৃত্যু: মধ্যরাতে বন্ধু দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

favicon
ভোরের আলো ডেস্ক:
তাহসিফের রহস্যমৃত্যু: মধ্যরাতে বন্ধু দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির রহস্যমৃত্যুর ঘটনায় তার বন্ধু শাহরিয়ার রেজা দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাতে তাকে হস্তান্তর করা হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করবে নৌ পুলিশ।


পিবিআই সূত্রে এসব তথ্য জানা গেছে।


এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে দীপকে হেফাজতে নেয় পিবিআই। তিনি ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন তিনি।


তুরাগ নদসংলগ্ন এলাকা থেকে মোটরসাইকেল উদ্ধার


শুক্রবার পিবিআইয়ের তদন্ত দল দীপকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় যায়। সেখানে তুরাগ নদসংলগ্ন ২৯ নম্বর সীমানা পিলারের কাছের মাঠে কী ঘটেছিল, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।


দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে কালো রঙের একটি সুজুকি জিক্সার ১৫০ মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির নম্বরপ্লেট ছিল না।


**ধাওয়ার মুখে নদীতে ঝাঁপ দেওয়ার দাবি**


পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, ঘটনার রাতে তিনি ও তাহসিফ তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। সেখানে কথা বলার সময় কয়েকজন তাদের ধাওয়া করেন। ধাওয়াকারীদের মধ্যে দুজনের পরনে পুলিশের পোশাকের মতো পোশাক ছিল বলে দাবি করেন তিনি।


দীপের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তিদের দেখে তাহসিফ দৌড় দেন। একপর্যায়ে তিনি তুরাগ নদে ঝাঁপ দেন। অন্যদিকে দীপ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ২৯ নম্বর সীমানা পিলারের আড়ালে লুকিয়ে পড়েন। পরে সেখান থেকে চলে যান তিনি।


**দীপের বক্তব্য যাচাই করছে পিবিআই**


তবে দীপের দেওয়া সব তথ্য বিশ্বাস করছে না তদন্ত সংস্থাটি। তার বক্তব্যের সত্যতা যাচাইয়ের পাশাপাশি ঘটনাস্থলের পরিস্থিতি ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।


পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান বলেন, দীপ নানা তথ্য দিয়েছেন। তবে সেসব তথ্যের সবকিছু বিশ্বাস করা হচ্ছে না। প্রতিটি তথ্য ও ঘটনার বিষয় যাচাই করে দেখা হচ্ছে।


ধাওয়াকারীরা কারা, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, দীপের বক্তব্য অনুযায়ী, পুলিশের মতো পোশাক পরা দুজনকে দেখে তারা দৌড়ে পালিয়েছিলেন। তবে ওই দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।


পিবিআইয়ের এই কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থলটি একটি খোলা মাঠ, যার তিন দিকেই নদী রয়েছে। দীপের দেওয়া তথ্যের সঙ্গে ঘটনাস্থলের পরিস্থিতি ও প্রযুক্তিগত তথ্য মিলিয়ে দেখা হচ্ছে।


তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, তথ্য যাচাই না করে প্রকাশ করলে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পরই প্রয়োজনীয় বিষয়গুলো প্রকাশ করা হবে।