পল্টনে সিপিবির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ
রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিপিবির শীর্ষ নেতারা। তবে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
মঙ্গলবার মধ্যরাতে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে দলটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফী অভিযোগ করেন, সরকারদলীয় নেতাকর্মী পরিচয়ে একটি সংঘবদ্ধ দল বা ‘মব’ তৈরি করে এ হামলা চালানো হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে সংস্কৃতিকর্মীদের ব্যানারে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। ওই কর্মসূচি থেকে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করে পুলিশ। পরে রাত ৯টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
দীপক শীল মুক্তি পাওয়ার পর তাকে অভ্যর্থনা জানাতে এবং সংহতি প্রকাশ করতে পল্টনে মিছিল বের করেন ছাত্র ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
সিপিবির অভিযোগ, এ ঘটনায় সংঘবদ্ধভাবে বাধা সৃষ্টি করে ঢাকা মহানগর উত্তর যুব ইউনিয়নের সভাপতি ইরান মোল্লা ও সাধারণ সম্পাদক সোহেল ফকিরকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে মধ্যরাতে পুলিশ তাদের ছেড়ে দেয়।
সংবাদ ব্রিফিংয়ে আব্দুল্লাহ আল কাফী বলেন, মিছিলে স্লোগান দেওয়ার অজুহাতে নেতাকর্মীদের ওপর হামলা এবং সংঘবদ্ধভাবে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি এ ধরনের হামলা ও দমন-পীড়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।