মিরপুর-পল্লবীতে পুলিশের সাঁড়াশি অভিযান, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় নাশকতা, বিশৃঙ্খলা, দখলদারত্ব ও চাঁদাবাজি বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় কয়েকটি বাসায় তল্লাশি চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। অভিযানে কয়েকজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে পল্লবী এলাকার কথিত কিশোর গ্যাংয়ের প্রধান ও কথিত সন্ত্রাসী আশিকের বাড়িসহ বেশ কয়েকটি বাসায় তল্লাশি চালানো হয়।
পুলিশ জানায়, এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, ব্যবসাপ্রতিষ্ঠানে অবৈধ দখল বন্ধ করা এবং চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে এ চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে। তল্লাশির সময় বিভিন্ন বাসা থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা, নাকের নোলকসহ বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মিরপুর ও পল্লবী এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতেই এ বিশেষ অভিযান চালানো হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।