তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল চুনকুটিয়ায়: ডিএমপি কমিশনার
ঢাকার বাস টার্মিনাল এলাকার যানজট নিরসনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। আগামী তিন মাসের মধ্যে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালের নতুন বরাদ্দ করা জায়গা পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, বাসের ডিপো ও টার্মিনাল আলাদা করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে মহাখালী বাস টার্মিনাল বর্তমান জায়গাতেই থাকবে। তবে বাসের ডিপো পূর্বাচলে স্থানান্তর করা হবে।
এদিকে মহাখালী বাস টার্মিনালের নতুন করে বরাদ্দ করা জায়গা পরিদর্শনে যান বাস মালিক সমিতির নেতারা। এ সময় তাদের প্রায় ৮০টি বাস রাখার উপযোগী নতুন জায়গা বুঝিয়ে দেওয়া হয়।
ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ বাস টার্মিনালগুলোকে কেন্দ্র করে যানজট কমানো এবং পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে টার্মিনাল ও ডিপো ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হচ্ছে।