ডিএনসিসি প্রশাসকের মিরপুরের কার্যালয়ে হামলা ও ভাঙচুর
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের মিরপুরের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত তার কার্যালয়ে এ হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠি, ইট-পাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ভবনটিতে হামলা চালায়। এ সময় ভবনের সামনের কাচের দেয়াল ভেঙে ফেলা হয়। পাশাপাশি লিফটের চারপাশে থাকা ঘেরাওয়ের অংশও ভাঙচুর করা হয়।
হামলার ঘটনার পর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন।
এদিকে, নিজের কার্যালয়ে হামলার জন্য পোশাকশ্রমিকদের দায়ী করেছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। তার দাবি, কার্যালয়ের পাশেই দুটি বড় পোশাক কারখানা রয়েছে। ওই কারখানার শ্রমিকেরাই এ অরাজকতা সৃষ্টি করেছেন।
তিনি বলেন, বুধবার সকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের ঝামেলা হয়। ওই ঘটনার সময় শ্রমিকেরা তার কার্যালয় লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।