মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ধাওয়া-পাল্টাধাওয়া ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
রাজধানীর মিরপুরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর-১৩ নম্বর এলাকায় লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কারখানা দুটিতে প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কর্মরত রয়েছেন। সকালে এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের শ্রমিকদের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। একপর্যায়ে তাঁরা ওই কারখানাগুলোর শ্রমিকদের বাইরে বের করে নিয়ে আসেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপরও কারখানা এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল।
এদিকে, মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর এলাকার সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এসব এলাকায় এখন পর্যন্ত পোশাকশ্রমিকদের সড়কে নামার খবর পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে জানতে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এবং মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
তবে মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম জানান, সকালে কাফরুল এলাকায় কিছুটা ঝামেলা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন আছেন।