রামেক হাসপাতালে নির্মাণাধীন ভবনের বারান্দা থেকে পড়ে শিশুর মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নির্মাণাধীন ভবনের ১১ নম্বর মডেল ওয়ার্ডের বারান্দা থেকে পড়ে আবু হুরাইয়া নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) হাসপাতালের জরুরি বিভাগের কাছে এ ঘটনা ঘটে।
নিহত আবু হুরাইয়া কুষ্টিয়া জেলার ইবি থানার কুশলিবাসা গ্রামের মো. হৃদয় ও শিরিনার ছোট সন্তান।
ঘটনার বিবরণে জানা যায়, শিরিনার বড় মেয়ে খাদিজা (৬) কিডনিজনিত সমস্যায় আক্রান্ত। গত ৪ নভেম্বর তাকে রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। অন্যদিকে, শিশুটির বাবা হৃদয় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তিনি ওই ওয়ার্ডের বারান্দায় অবস্থান করছিলেন।
এ সময় পরিবারের ছোট সন্তান আবু হুরাইয়া হাসপাতালের ১১ নম্বর মডেল ওয়ার্ডের বারান্দায় ছিল। সেখানে নির্মাণকাজ চলার মধ্যেই কোনো এক সময় শিশুটি বারান্দা থেকে নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়।
হাসপাতালের মুখপাত্র ডা. শামীম আহমেদ জানান, শিশুটির মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।