মিরপুরে মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
রাজধানীর মিরপুরে বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় পল্লবী মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, আগুন লাগার পরপরই তা বাসের ভেতরে ছড়িয়ে পড়ে। এ সময় বাসের চালক ও সহকারী দ্রুত আসন সরিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বাসটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়। তবে কী কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এটি নাশকতা, নাকি নিছক দুর্ঘটনা—তা নিয়েও এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।