মঙ্গলবার , ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার , ০৩ নভেম্বর ২০২৬
হোম › ঢাকা প্রতিদিন › পুরোনো বাণিজ্য মেলার মাঠে আবারও ভাঙচুর, শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ

পুরোনো বাণিজ্য মেলার মাঠে আবারও ভাঙচুর, শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ

favicon
ভোরের আলো ডেস্ক:
পুরোনো বাণিজ্য মেলার মাঠে আবারও ভাঙচুর, শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ

পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে আবারও ভাঙচুর চালিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে প্রায় ২৫০ শিক্ষার্থী মাঠে গিয়ে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন।


প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিক্ষার্থীরা প্রথমে মাঠের প্রবেশপথের বড় গেটটি ভেঙে ফেলেন। পরে এশিয়ান বাণিজ্য মেলার জন্য তৈরি করা বিভিন্ন স্টল ও সেগুলোর টিনের অংশসহ মাঠের অন্যান্য স্থাপনায় ভাঙচুর চালান।


মেলার প্রস্তুতির স্থাপনাও ভাঙচুর


পুরোনো বাণিজ্য মেলার মাঠে এশিয়ান বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি চলছিল। এ উপলক্ষে সেখানে প্রবেশপথের গেট ও বিভিন্ন স্টল নির্মাণ করা হয়েছিল। সোমবার শিক্ষার্থীরা এসব স্থাপনা ভাঙচুর করেন।


মাঠ বিশ্ববিদ্যালয়ের দাবি শিক্ষার্থীদের


শিক্ষার্থীদের দাবি, পুরোনো বাণিজ্য মেলার মাঠটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জায়গা। খেলাধুলা, শিক্ষা কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য জায়গাটি তাঁদের কাছে ফিরিয়ে দিতে হবে।


তাঁরা জানান, মাঠটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহারের সুযোগ দিতে হবে, যাতে সেখানে নিয়মিত শিক্ষা, খেলাধুলা ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করা যায়।


এ নিয়ে তিন দফায় ভাঙচুর


সরকারের পক্ষ থেকে পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় নির্মাণের সিদ্ধান্তের কথা জানানোর পর থেকেই জায়গাটি নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছেন শেকৃবি শিক্ষার্থীরা।


এর আগে দুই দফায় মাঠটিতে বিভিন্ন স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটে। সোমবারের ঘটনাসহ এ নিয়ে তিন দফায় সেখানে ভাঙচুর চালানো হলো।


এদিকে পুলিশের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, এশিয়ান বাণিজ্য মেলা আয়োজনের জন্য আয়োজকদের গণপূর্ত অধিদপ্তরের আনুষ্ঠানিক অনুমতি ছিল। সেই অনুমতির ভিত্তিতেই মাঠে মেলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।