মঙ্গলবার , ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার , ০৩ নভেম্বর ২০২৬
হোম › ঢাকা প্রতিদিন › আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান, দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান, দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

favicon
ভোরের আলো ডেস্ক:
আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান, দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের আশপাশে সেবা নিতে আসা মানুষের হয়রানি বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দালাল চক্রের সাত সদস্যকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২ নভেম্বর) পরিচালিত এ অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়।


এসআরবি-২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অপরাধের ধরন বিবেচনায় আটক ব্যক্তিদের মধ্যে সাতজনকে কারাদণ্ড দেন।


দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনকে ১০ দিনের, দুজনকে সাত দিনের এবং চারজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য পাঁচজনের বিরুদ্ধে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দালাল চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।


বিভিন্ন অজুহাতে টাকা আদায়ের অভিযোগ


এসআরবি-২-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসসংলগ্ন এলাকায় সেবা নিতে আসা মানুষের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা আদায় করে আসছিল।


চক্রের সদস্যরা পাসপোর্টের আবেদন ফরম পূরণ, কাগজপত্র সত্যায়ন, প্রয়োজনীয় নথির ঘাটতি পূরণ, ভুল সংশোধন এবং ভুয়া কাগজপত্র তৈরি করে দেওয়ার আশ্বাস দিত। এ ছাড়া দ্রুত পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়েও গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করত বলে অভিযোগ রয়েছে।


টাকা নিয়েও পাসপোর্ট না দেওয়ার অভিযোগ


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনেক ক্ষেত্রে টাকা নেওয়ার পরও গ্রাহকদের পাসপোর্ট সরবরাহ করা হতো না। আবার জাল কাগজপত্র দিয়ে গ্রাহকদের হয়রানি করার অভিযোগও পাওয়া গেছে।


এ ধরনের একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


আগারগাঁও পাসপোর্ট অফিসকে ঘিরে গড়ে ওঠা দালাল চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-২।