বুধবার , ০৪ নভেম্বর ২০২৬
বুধবার , ০৪ নভেম্বর ২০২৬
হোম › ঢাকা প্রতিদিন › ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

favicon
ভোরের আলো ডেস্ক:
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকরা মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর মিরপুরে আবারও সড়ক অবরোধের চেষ্টা করেছেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিকদের ইট-পাটকেল নিক্ষেপের জবাবে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে পুলিশ।


মঙ্গলবার সকাল সাড়ে ৯টার কিছু আগে মিরপুর সাড়ে ১১ ও পল্লবী এলাকা থেকে হাজার হাজার শ্রমিক সড়কে নেমে আসেন। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাঁদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। এ নিয়ে কয়েক দফা বাক্‌বিতণ্ডার পর শ্রমিকরা জোর করে যান চলাচল বন্ধ করে দেন এবং পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।


পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। পরে শ্রমিকরা বিভিন্ন অলিগলিতে আশ্রয় নিয়ে সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন। জবাবে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।


সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিক্ষোভ ও সংঘর্ষের কারণে সড়কে যান চলাচল বন্ধ থাকায় সকাল থেকে অফিসগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।


এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পোশাকশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩৩ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।