ভোরের বৃষ্টিতে ভিজল রাজধানী, বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস
দিনের আলো ফোটার আগেই ঝুম বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। বুধবার (১১ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে শুরু হওয়া বৃষ্টির সঙ্গে ছিল বজ্রপাত ও বিদ্যুতের ঝলকানি। হঠাৎ বৃষ্টিতে ভোরের নগরজীবনে দেখা দেয় ভিন্ন আবহ।
এর আগে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া অধিদফতর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, বুধবার বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি আগামী কয়েক দিনে দেশের কোথাও কোথাও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।