রায়েরবাজারে টিনের বসতঘর ও কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
রাজধানীর রায়েরবাজারে ছোট ছোট টিনের বসতঘর ও কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে রায়েরবাজার কাঁচাবাজারের পাশে অবস্থিত টিনের বসতঘর ও কাঁচাবাজারে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে সকাল ১০টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। হাজারীবাগ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কীভাবে এর সূত্রপাত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।