হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী নিহত ও দুজন দগ্ধ
রাজধানীর হাজারীবাগে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পারভিন বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার খালাতো বোন ফরিদা বেগম গুরুতর দগ্ধ হয়েছেন। আহত হয়েছেন পারভিনের মেয়ে ফাতেমা আক্তার উর্মিও।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে হাজারীবাগের বটতলা মাজার এলাকার একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় এ বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে বাসার দেয়ালের একাংশ ধসে পড়ে এবং জানালার কাচ ভেঙে যায়। নিহতের মেয়ে উর্মির দাবি, ঘরের ভেতরে ব্লেন্ডার মেশিন চালু করার পরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।