সোমবার , ২৩ নভেম্বর ২০২৬
সোমবার , ২৩ নভেম্বর ২০২৬
হোম › ঢাকা প্রতিদিন › ২০২৭ সালের জুলাইয়ে কমলাপুর পর্যন্ত চালু হতে পারে মেট্রোরেল

২০২৭ সালের জুলাইয়ে কমলাপুর পর্যন্ত চালু হতে পারে মেট্রোরেল

favicon
ভোরের আলো ডেস্ক:
২০২৭ সালের জুলাইয়ে কমলাপুর পর্যন্ত চালু হতে পারে মেট্রোরেল

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু থাকা মেট্রোরেল কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। নির্মাণকাজে ধীরগতির কারণে কয়েক দফায় উদ্বোধনের সময়সূচি পরিবর্তন করা হলেও সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জুলাই থেকে এই অংশে নিয়মিত যাত্রী পরিবহন চালু হতে পারে।


ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তথ্য অনুযায়ী, বর্তমানে এমআরটি লাইন-৬-এর চালু অংশের দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত নতুন ১ দশমিক ১৬ কিলোমিটার পথ যুক্ত হলে পুরো রুটের দৈর্ঘ্য দাঁড়াবে ২১ দশমিক ২৬ কিলোমিটার। তখন মোট স্টেশন হবে ১৭টি।


গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী, মতিঝিল-কমলাপুর অংশের পূর্তকাজ ৮৪ দশমিক ৮৫ শতাংশ এবং বৈদ্যুতিক ও যান্ত্রিক কাজ ৫৮ শতাংশ সম্পন্ন হয়েছে।


চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে মূল অবকাঠামো নির্মাণ শেষ করার লক্ষ্য রয়েছে। ভায়াডাক্ট বা উড়ালপথ নির্মাণের কাজ শেষ করে রেল ট্র্যাক স্থাপনের জন্য ঠিকাদারকে হস্তান্তর করা হয়েছে। কমলাপুর স্টেশনের মূল অবকাঠামোও নির্মিত হয়েছে। বর্তমানে স্টেশনের অভ্যন্তরীণ সাজসজ্জা, বৈদ্যুতিক ও যান্ত্রিক সরঞ্জাম স্থাপন এবং যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার পথ নির্মাণের কাজ চলছে।


স্থাপত্য ও সংশ্লিষ্ট নির্মাণকাজ ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।


তবে অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলেই যাত্রী পরিবহন শুরু করা সম্ভব হবে না। এর আগে রেলপথ, বিদ্যুৎ সরবরাহ, সংকেত ব্যবস্থা, স্বয়ংক্রিয় ভাড়া আদায় ব্যবস্থা, প্ল্যাটফর্মের নিরাপত্তা, টেলিযোগাযোগ, লিফট ও এসকেলেটরসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা চালু করতে হবে।


এরপর সমন্বিত পরীক্ষা ও পরীক্ষামূলক ট্রেন চলাচলের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এসব কারিগরি ও নিরাপত্তামূলক কাজের অগ্রগতির ওপর নির্ভর করবে চূড়ান্তভাবে যাত্রী পরিবহন শুরুর সময়।


এর আগে মেট্রোরেল কমলাপুর পর্যন্ত চালুর সম্ভাব্য সময় কয়েক দফা পরিবর্তন করা হয়েছে। প্রথমে ২০২৭ সালের ১ জানুয়ারি চালুর পরিকল্পনা ছিল। পরে সময় পিছিয়ে এপ্রিল-মে মাস নির্ধারণ করা হয়। পরীক্ষামূলক ট্রেন চলাচলের সম্ভাব্য সময় হিসেবেও এপ্রিলের কথা বলা হয়েছিল। সর্বশেষ পরিকল্পনায় চালুর সময় ২০২৭ সালের জুলাইয়ে নির্ধারণ করা হয়েছে।