শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › ঢাকা প্রতিদিন › রাজধানীর অফিসার্স ক্লাবে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজধানীর অফিসার্স ক্লাবে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার

favicon
ভোরের আলো ডেস্ক:
রাজধানীর অফিসার্স ক্লাবে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশে তাঁর মরদেহ পাওয়া যায়।


রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন মিয়া জানান, শুক্রবার সকাল ১০টার দিকে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে অফিসার্স ক্লাবে যান মোশাররফ হোসেন। সেখানে মেয়েকে সুইমিংপুলের পাশে রেখে তিনি পাশের নির্মাণাধীন ভবনে প্রবেশ করেন। পরে ভবনটির নিচতলায় তাঁর মরদেহ পাওয়া যায়।


পুলিশের প্রাথমিক ধারণা, চোখে কিছুটা কম দেখার কারণে তিনি নির্মাণাধীন ভবনটির তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা জায়গায় পড়ে গিয়ে মারা যেতে পারেন। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে তদন্তের ফল জানা প্রয়োজন।


পুলিশ জানিয়েছে, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের কথা রয়েছে। মোশাররফ হোসেনের বড় মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর তাঁর দাফন সম্পন্ন করা হবে।