গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ স্থাপনা
রাজধানীর গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় ঢাকা ট্রেড সেন্টারের আশপাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং নকশাবহির্ভূত বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। একই সঙ্গে হানিফ ফ্লাইওভারের নিচে বসানো ভ্রাম্যমাণ দোকানপাটও উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টারের সামনে থেকে এ অভিযান শুরু হয়।
অভিযান চলাকালে শপিং সেন্টারের চারপাশে অবৈধভাবে পরিচালিত দোকানপাট উচ্ছেদ করা হয়। পাশাপাশি ভবনের নকশাবহির্ভূত বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। হানিফ ফ্লাইওভারের নিচের অংশ দখল করে বসানো ভ্রাম্যমাণ দোকানপাটও গুঁড়িয়ে দেয় সিটি করপোরেশনের অভিযানকারী দল।
তবে অভিযানের খবর আগেই ছড়িয়ে পড়ায় অনেক দোকানি নিজেদের দোকানপাট সরিয়ে নেন। এর আগে কয়েক দফায় উচ্ছেদ অভিযান চালানো হলেও কিছুদিন পর আবারও আগের অবস্থায় ফিরে আসে ফুটপাত।
সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, পথচারীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার অভিযান অব্যাহত থাকবে।