গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় প্রায় এক ঘণ্টা পাঁচ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। বিকেল ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, কারখানার হারবাল সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় পরে আরও ইউনিট যুক্ত হয়।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় হতাহতের খবরও পাওয়া যায়নি।
এর আগে গত বুধবার গাজীপুরের টঙ্গীতে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় চার ঘণ্টা সময় লাগে।