ইনানীর টুপটুপ রিসোর্টে অগ্নিনিরাপত্তার লাইসেন্স ছিল না, নিহত বেড়ে ১০
কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টের অগ্নিনিরাপত্তার লাইসেন্স ছিল না। গত জুন মাসেই রিসোর্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে নিকটবর্তী ফায়ার স্টেশনের দূরত্ব ছিল প্রায় ২২ কিলোমিটার। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় উখিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৩০টি ফায়ার স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে। এ ঘটনায় সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের সহায়তায় ঘটনাস্থলে উদ্ধারকাজ চালানো হয়।
অগ্নিকাণ্ডের সময় রিসোর্টটিতে প্রায় ৩০ জন অবস্থান করছিলেন বলে জানা গেছে। তবে আগুনের সূত্রপাত এবং হতাহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আরও তথ্য পাওয়া যায়নি।