ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কাশিপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় উভয় পক্ষের অন্তত ২০টি বাড়ি ও পাঁচটি দোকান ভাঙচুর করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে শুরু হওয়া সংঘর্ষ থেমে থেমে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত চলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, ডাকাতি, মাদক ব্যবসাসহ বিভিন্ন সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে রেজাউল ইসলাম ওরফে রেজা ডাকাত একসময় এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর তিনি ও তাঁর সমর্থকেরা এলাকায় ফিরে আসেন।
এরপর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রেজাউল ইসলামের সঙ্গে স্থানীয় মকলেছ হোসেনের বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে সোমবার সন্ধ্যায় কাশিপুর ক্লাব মোড় এলাকায় রেজাউল ইসলামের সমর্থকেরা হামলা চালান বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, বেদেপল্লীতে এ ধরনের হামলার ঘটনা প্রায়ই ঘটে। পরিস্থিতির স্থায়ী সমাধানে সন্ধ্যায় এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ ও বেদেপল্লীর নেতাদের সঙ্গে বসে আলোচনা করার উদ্যোগ নেওয়া হবে।