‘ধর্ম যার যার, দেশটা সবার’: ফকির মাহবুব আনাম
ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, ‘ধর্ম যার যার, দেশটা সবার’—এই চেতনাকে ধারণ করেই সবাইকে একসঙ্গে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) টাঙ্গাইলের ধনবাড়ীতে বিএনপি কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ৩৬টি পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পাওয়া শাড়ি বিতরণ করা হয়।
গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন ও ভালোবাসা তাঁদের অনুপ্রাণিত করেছে উল্লেখ করে ফকির মাহবুব আনাম বলেন, রাজনীতির মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। যারা মানুষের পাশে থাকবে এবং মানুষের উন্নয়ন ও অধিকার রক্ষায় কাজ করবে, জনগণ তাদের সমর্থন দেবে। এটিই গণতান্ত্রিক অধিকার।
মন্ত্রী আরও বলেন, দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ, আনন্দমুখর ও সম্প্রীতির পরিবেশে উদ্যাপন করতে হবে। এর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করা সম্ভব।
সনাতন ধর্মাবলম্বীদের সুখে-দুঃখে পাশে থাকা এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করাকে সবার দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে মধুপুর উপজেলা পরিষদে নবনির্মিত পরিদর্শনকক্ষ উদ্বোধন করেন ফকির মাহবুব আনাম। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ধনবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন তিনি।