মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › জয়পুরহাটে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

জয়পুরহাটে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

favicon
ভোরের আলো ডেস্ক:
জয়পুরহাটে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

জয়পুরহাটের পাঁচবিবী উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজিজুল ইসলাম (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের মালিদহ গ্রামে এ ঘটনা ঘটে।


গ্রেপ্তার আজিজুল ইসলাম ওই গ্রামের ছলিম উদ্দীনের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেছেন।


মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে শিশুটি বাড়ির সামনে অভিযুক্ত আজিজুল ইসলামের সাত বছর বয়সী মেয়ের সঙ্গে খেলছিল। এ সময় আজিজুল নিজের মেয়েকে কৌশলে দোকানে পাঠিয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে। পরে তিনি শিশুটিকে নিজের শয়নকক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন। একপর্যায়ে শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর শিশুটি দৌড়ে নিজের বাড়িতে চলে যায়।


ঘটনার খবর পেয়ে শিশুটির মা ও স্থানীয় লোকজন অভিযুক্তের বাড়িতে গিয়ে বিষয়টি জানতে চান। এ সময় তিনি কোনো উত্তর না দিয়ে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।


পরে স্থানীয়রা পাঁচবিবি থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আজিজুল ইসলামকে গ্রেপ্তার করে।


পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।