অবরোধ শেষ, স্বাভাবিক হচ্ছে যান চলাচল; পর্যটকশূন্য সাজেক
রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি শেষ হয়েছে। অবরোধের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে যান চলাচল। তবে পর্যটন মৌসুম চললেও পর্যটকশূন্য রয়েছে সাজেক। পুরো এলাকায় বিরাজ করছে সুনসান নীরবতা।
সাজেকে অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ তুলে অবরোধ কর্মসূচির ডাক দেয় ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’।
শনিবার (২৪ অক্টোবর) ভোর ৫টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি দুপুর ১২টা পর্যন্ত চলে।
অবরোধ চলাকালে রাঙামাটি ও খাগড়াছড়ি—দুই জেলাতেই সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন এলাকায় টহল জোরদার করে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি।
অবরোধের কারণে বন্ধ ছিল দূরপাল্লার যান চলাচল। শহরাঞ্চলেও গণপরিবহনের সংখ্যা ছিল তুলনামূলক কম। কর্মসূচি শেষ হওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।
তবে অবরোধ ও সাম্প্রতিক পরিস্থিতির প্রভাবে পর্যটন মৌসুমেও সাজেকে পর্যটকদের উপস্থিতি নেই বললেই চলে। পর্যটনকেন্দ্রটিতে বিরাজ করছে নীরবতা।