কক্সবাজার সৈকতে আরও একজনের মরদেহ উদ্ধার, নিহতের সংখ্যা বেড়ে ৫
পূজার ছুটিতে কক্সবাজারে বেড়াতে গিয়ে সমুদ্রে নিখোঁজ হওয়া এসএম নাফিসুর রহমান নিবিড় নামে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সমুদ্রে ডুবে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজারের কলাতলী সংলগ্ন সমুদ্রসৈকত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে বুধবার বিকেল ও বৃহস্পতিবার সকালে হিমছড়ি এলাকার মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকত থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে বিভিন্ন কারখানার পাঁচ শ্রমিক কক্সবাজারে বেড়াতে যান। সেখানে তাদের মধ্যে তিনজন সমুদ্রে গোসলে নামেন। একপর্যায়ে স্রোতের টানে তারা ভেসে যেতে থাকলে দূরে থাকা সাতজনের একটি দলের কাছে সহযোগিতা চান।
পরে ওই দলের তিনজন তাদের উদ্ধারে সমুদ্রে নামেন। তবে উদ্ধার করতে গিয়ে তারাও সাগরে তলিয়ে যান। এ ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা চালানো হয়।