বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › কক্সবাজারের হিমছড়িতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের হিমছড়িতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

favicon
ভোরের আলো ডেস্ক:
কক্সবাজারের হিমছড়িতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসল করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন ছয় পর্যটক। তাঁদের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও দুজন নিখোঁজ রয়েছেন। অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বুধবার (২১ অক্টোবর) বিকেলে হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকত থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।


নিহতরা হলেন রোহান, শহীদুল ইসলাম ও নাফিসুল হক নিবিড়।


ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সাতজনের একটি পর্যটক দল বুধবার সকালে কক্সবাজারে পৌঁছায়। বিকেলে তাঁদের মধ্যে ছয়জন হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে সমুদ্রে গোসল করতে নামেন। এ সময় সাগরের ঢেউয়ে তাঁরা তলিয়ে যান।


খবর পেয়ে লাইফগার্ডকর্মী ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে সেখান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ঘটনায় নিখোঁজ থাকা বাকি দুজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাটি পর্যটকদের মধ্যে শোকের ছায়া ফেলেছে।