দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী
দুর্নীতি বন্ধ করতে হলে সবার আগে রাজনৈতিক নেতৃত্ব ও নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার (২১ অক্টোবর) ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দুর্নীতি বন্ধ করার প্রথম শর্ত হলো, যাঁরা দুর্নীতি বন্ধের কথা বলছেন, সেই রাজনৈতিক নেতৃত্ব ও নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে। অন্যথায় এ প্রচেষ্টা ব্যর্থ হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়মের বিষয়ে তিনি বলেন, স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়ে প্রধান শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করা সহ্য করা হবে না। একইভাবে কোনো প্রধান শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট করে লুটপাটে জড়িত থাকলেও তা বরদাশত করা হবে না।
সভায় উপস্থিত শিক্ষকদের উদ্দেশে আইনমন্ত্রী আরও বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সামলানো শিক্ষকদের জন্য দিন দিন কঠিন হয়ে উঠছে। এ পরিস্থিতিতে শিক্ষকদের যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে।
মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।