বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › পাঁচ দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ব্যাহত সেবা

পাঁচ দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ব্যাহত সেবা

favicon
ভোরের আলো ডেস্ক:
পাঁচ দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ব্যাহত সেবা

চিকিৎসা সরঞ্জামের সংকট সমাধান, নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতির কারণে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।


আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা জানান, হাসপাতালের বিভিন্ন ভর্তি ওয়ার্ডে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট রয়েছে। এর পাশাপাশি রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্বরত আনসার সদস্যদের দায়িত্ব পালনে অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকদের প্রায়ই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এমনকি তাদের সংঘবদ্ধ হুমকির শিকারও হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।


তারা আরও জানান, হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর চাপ বেড়েছে। সীমিত জনবল ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতির মধ্যে অতিরিক্ত রোগীর সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের।


ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে পাঁচ দফা দাবি আদায়ে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।


কর্মবিরতির কারণে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।