রবিবার , ২৫ অক্টোবর ২০২৬
রবিবার , ২৫ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › কুমিল্লায় দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক যুবক

কুমিল্লায় দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক যুবক

favicon
ভোরের আলো ডেস্ক:
কুমিল্লায় দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক যুবক

কুমিল্লায় দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১১-এর সিপিসি-২। এ সময় পাইপ দিয়ে তৈরি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আবু মোহাম্মদ তৌকির নেওয়াজ আসিফ নামে এক যুবককে আটক করা হয়েছে।


অভিযোগ রয়েছে, টিকটক ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র তৈরির ভিডিও প্রকাশের পাশাপাশি এসব অস্ত্র বিক্রির প্রচার এবং ক্রেতা সংগ্রহ করতেন ওই যুবক।


সংশ্লিষ্ট সূত্র জানায়, টিকটকে প্রকাশিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নজরদারি শুরু করে এসআরবি-১১-এর সিপিসি-২-এর গোয়েন্দা দল। ভিডিওর সূত্র ধরে অভিযুক্তের অবস্থান শনাক্ত করার পর বৃহস্পতিবার রাতে কুমিল্লার লালমাই উপজেলার ইসাপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে পাইপ দিয়ে তৈরি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারসহ তাঁকে আটক করা হয়।


এসআরবি জানায়, অস্ত্রের প্রতি একধরনের আকর্ষণ থেকে দেশীয় অস্ত্র তৈরি শুরু করেন আটক যুবক। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অস্ত্র তৈরির ভিডিও প্রকাশের পাশাপাশি বিক্রির বিজ্ঞাপনও দেওয়া হতো। এরপর সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে অস্ত্র কেনাবেচার কার্যক্রম চালানো হতো বলে অভিযোগ রয়েছে।


এ ছাড়া ‘বন্দুক’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে অস্ত্র নিয়ে তথ্য আদান-প্রদান, দরদাম এবং বিক্রিসংক্রান্ত আলোচনা চলত বলেও জানিয়েছে এসআরবি।


এদিকে, আটক আবু মোহাম্মদ তৌকির নেওয়াজ আসিফের আরেকটি ভিডিও সামনে এসেছে। ওই ভিডিওতে তাঁকে আনসারের পোশাক পরে টিকটকে অভিনয় করতে দেখা যায়।