গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ব্যবসায়ীর ৩ মাসের কারাদণ্ড
খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর এলাকায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির অপরাধে আনিছুর রহমান পলাশ নামের এক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত আনিছুর রহমান পলাশ কাঞ্চনপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।
এ বিষয়ে এসআরবি সাতক্ষীরা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গরুর মাংস বলে প্রচার করে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে ওই ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযানে জব্দ করা ঘোড়ার মাংস জনসমক্ষে মাটিতে গর্ত করে পুঁতে ফেলা হয়।