অবৈধ অনুপ্রবেশকালে গুলিবর্ষণ, সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠকের প্রস্তুতি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শ্যামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (২৪ মে) রাত ১টার দিকে বায়েক ইউনিয়নের খাদলা এলাকার এই সীমান্তে ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধরা হলেন—শ্যামপুর গ্রামের রবিউল (২৮) এবং আজাদ হোসেন (২৬)। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সুলতারপুর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শনিবার গভীর রাতে রবিউল, আজাদসহ ৭-৮ জনের একটি দল সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করে। এ সময় ভারতের প্রায় ১৫০ থেকে ২০০ গজ ভেতরে ঢোকার পর তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি ছোড়ে। এতে রবিউল ও আজাদ পিঠে ও মুখে গুলিবিদ্ধ হন। পরে তাদের আহত অবস্থায় সহপাঠীরা বাংলাদেশে ফিরিয়ে আনে।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, তারা সংঘবদ্ধভাবে অনুপ্রবেশ করছিলেন। কী উদ্দেশ্যে গিয়েছিলেন, সে বিষয়ে তদন্ত চলছে।”
তিনি আরও জানান, এ ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকের প্রস্তুতি চলছে।সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ নিয়ন্ত্রণে আরও সতর্কতা নেওয়ার কথা জানিয়েছে বিজিবি।