রবিবার , ০১ নভেম্বর ২০২৬
রবিবার , ০১ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে যুদ্ধ ছড়িয়ে পড়বে, হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে যুদ্ধ ছড়িয়ে পড়বে, হুঁশিয়ারি ইরানের

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে যুদ্ধ ছড়িয়ে পড়বে, হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান শুরু করলে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত হতে পারে বলে সতর্ক করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, নতুন করে যুদ্ধ শুরু হলে পরিস্থিতির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে নাও থাকতে পারে।


শনিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


আকরামিনিয়া বলেন, ইসরায়েলের চাপ ও উসকানিতে পড়ে ডোনাল্ড ট্রাম্প যদি আবারও মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান শুরু করেন, তাহলে যুদ্ধের আগুন আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়বে। এবার সংঘাতের সমাপ্তি ট্রাম্পের নিয়ন্ত্রণে থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কূটনৈতিক প্রচেষ্টা থেকে সরে আসার অতীত ভূমিকার কথা উল্লেখ করে ইরানের এই সেনা কর্মকর্তা বলেন, দেশটির সেনাবাহিনী নিয়মিত যুদ্ধের প্রস্তুতি জোরদার করছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার ওপর নিবিড় নজর রাখছে তেহরান।


উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জবাবে ওই অঞ্চলে পাল্টা হামলা চালায় ইরান।