ইয়েমেনে সংঘাতে বাস্তুচ্যুত ২ লাখ ৯০ হাজার মানুষ, ঘরছাড়া ৬ হাজার অন্তঃসত্ত্বা নারী
ইয়েমেনে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় গত আগস্টের শুরু থেকে এ পর্যন্ত ২ লাখ ৯০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। বাস্তুচ্যুত এসব মানুষের মধ্যে প্রায় ৬ হাজার ১০০ জন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। তাঁদের মধ্যে ৬০০ জনেরও বেশি আগামী দুই সপ্তাহের মধ্যে সন্তান জন্ম দিতে পারেন। এ পরিস্থিতিতে দেশটিতে মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।
জাতিসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক জানিয়েছেন, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) হিসাব অনুযায়ী, সম্প্রতি বাস্তুচ্যুত মানুষের মধ্যে বিপুলসংখ্যক অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। তাঁদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন আশ্রয়শিবিরে ভ্রাম্যমাণ চিকিৎসা দল ও ধাত্রী পাঠানো হয়েছে। পাশাপাশি গর্ভকালীন পরিচর্যা ও মাতৃস্বাস্থ্যসেবার জন্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে।
**শরণার্থী ও আশ্রয়প্রার্থীরাও সংকটে**
ইয়েমেনে চলমান সহিংসতার প্রভাব পড়েছে দেশটিতে আগে থেকেই আশ্রয় নেওয়া শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের ওপরও। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, দেশটিতে অবস্থানরত ৬৫ হাজারের বেশি শরণার্থী ও আশ্রয়প্রার্থীর মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে।
বিভিন্ন সেবামূলক কার্যক্রম ব্যাহত হওয়া এবং খাদ্য ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এসব পরিবারের পক্ষে ন্যূনতম প্রয়োজন মেটানোও কঠিন হয়ে পড়েছে। এদিকে, গত আগস্ট থেকে এ পর্যন্ত ৬০০ জনের বেশি সোমালি শরণার্থীকে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে সহায়তা করেছে ইউএনএইচসিআর।
**আড়াই লাখের কাছাকাছি মানুষ পেয়েছেন সহায়তা**
জাতিসংঘের মুখপাত্র দুজারিক জানান, মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত সংস্থাগুলো এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৪৯ হাজার বাস্তুচ্যুত মানুষের কাছে খাদ্য, স্বাস্থ্যবিধি রক্ষার সামগ্রী ও জরুরি নগদ অর্থ সহায়তা পৌঁছে দিতে পেরেছে। সংকটের ভয়াবহতা বিবেচনায় বিভিন্ন এলাকায় সহায়তা কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।
একই সঙ্গে সংঘাতে জড়িত সব পক্ষের প্রতি বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার পাশাপাশি নিরাপদ, ধারাবাহিক ও নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।
**আগেই ভয়াবহ মানবিক সংকটে ছিল ইয়েমেন**
নতুন করে বাস্তুচ্যুত হওয়া মানুষ দেশটির আগে থেকেই সংকটে থাকা জনগোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছেন। সংঘাতের সাম্প্রতিক তীব্রতা শুরুর আগেই ইয়েমেনে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৫২ লাখ ছাড়িয়ে গিয়েছিল।
এ ছাড়া দেশটির বিভিন্ন সংকটের কারণে হাজার হাজার মানুষ লোহিত সাগর পাড়ি দিয়ে জিবুতিতে আশ্রয় নিয়েছেন। নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় ইয়েমেনের বিপুলসংখ্যক মানুষের নিরাপত্তা, আশ্রয় ও জরুরি স্বাস্থ্যসেবা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।