রবিবার , ০১ নভেম্বর ২০২৬
রবিবার , ০১ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › তিন দশকের বেশি সময় পর সোমালিয়ায় জাতিসংঘের রাজনৈতিক মিশনের কার্যক্রম শেষ

তিন দশকের বেশি সময় পর সোমালিয়ায় জাতিসংঘের রাজনৈতিক মিশনের কার্যক্রম শেষ

favicon
ভোরের আলো ডেস্ক:
তিন দশকের বেশি সময় পর সোমালিয়ায় জাতিসংঘের রাজনৈতিক মিশনের কার্যক্রম শেষ

তিন দশকের বেশি সময় ধরে চলা কার্যক্রমের অবসান ঘটিয়ে সোমালিয়ায় জাতিসংঘের রাজনৈতিক মিশনের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। দুই বছরের রূপান্তর প্রক্রিয়া শেষে শনিবার (৩১ অক্টোবর) মিশনটির কার্যক্রম শেষ হওয়ার ঘোষণা দেওয়া হয়। এ খবর জানিয়েছে আরব নিউজ।


১৯৯৫ সালে সোমালিয়ার জন্য জাতিসংঘের রাজনৈতিক কার্যালয় হিসেবে মিশনটির যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে ২০১৩ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জাতিসংঘের সহায়তা মিশন ইউএনএসওএম প্রতিষ্ঠা করে।


দীর্ঘদিন ধরে সোমালিয়ায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, ইসলামপন্থী সংগঠন ও অপরাধী চক্রের মধ্যে সংঘাত চলেছে। এ পরিস্থিতিতে দেশটিতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সোমালি কর্তৃপক্ষকে সহযোগিতা করাই ছিল জাতিসংঘের এই মিশনের অন্যতম প্রধান লক্ষ্য।


২০২৪ সালের মে মাসে সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ মিশনটির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তা বন্ধ করার অনুরোধ জানান। ওই বছরের অক্টোবরে মিশনটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে এর পরিবর্তে তিনি কার্যক্রম গুটিয়ে নেওয়ার জন্য দুই বছরের একটি রূপান্তরকাল নির্ধারণের প্রস্তাব দেন।


পরবর্তী সময়ে এই রূপান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে মিশনটির নাম পরিবর্তন করে রাখা হয় জাতিসংঘের ট্রানজিশনাল অ্যাসিসট্যান্স মিশন ইন সোমালিয়া (ইউএনটিএমআইএস)।


দীর্ঘ রূপান্তর প্রক্রিয়া শেষে মিশনটির কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তির মধ্য দিয়ে সোমালিয়ায় জাতিসংঘের রাজনৈতিক উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটল।