নিখোঁজের ৬২ দিন পর ক্যালিফোর্নিয়ার খালে মিলল ভারতীয় বংশোদ্ভূত নারীর মরদেহ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সেরেস শহরে নিখোঁজ হওয়ার ৬২ দিন পর ৭২ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত নারী অজিত কৌরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ২৪ অক্টোবর শহরের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৩ আগস্ট সেরেসের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে হঠাৎ নিখোঁজ হন অজিত কৌর। পুলিশ জানিয়েছে, ওই দিন রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে হুইটমোর অ্যাভিনিউ ও মিচেল রোডের কাছাকাছি এলাকায় তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল।
নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ ও পরিবারের পক্ষ থেকে তাকে খুঁজে বের করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। তবে দীর্ঘদিন কোনো সন্ধান পাওয়া যায়নি।
অবশেষে গত ২৪ অক্টোবর নিয়মিত টহলের সময় সেরেসের একটি খালে মরদেহ দেখতে পান এক খালকর্মী। পরে মরদেহটি অজিত কৌরের বলে শনাক্ত করা হয়।
দীর্ঘ ৬২ দিন নিখোঁজ থাকার পর তার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের সৃষ্টি হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।