সোমবার , ০২ নভেম্বর ২০২৬
সোমবার , ০২ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › শ্রমিক অসন্তোষ নিরসনে সন্ধ্যায় মন্ত্রী-উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

শ্রমিক অসন্তোষ নিরসনে সন্ধ্যায় মন্ত্রী-উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

favicon
সাইফুল আলম মিরাজ
শ্রমিক অসন্তোষ নিরসনে সন্ধ্যায় মন্ত্রী-উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান বিক্ষোভ ও সহিংস পরিস্থিতি মোকাবিলায় জরুরি উদ্যোগ নিয়েছে সরকার। শ্রমিক অসন্তোষ নিরসনে রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বর্তমান পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রী ছয় থেকে সাতজন মন্ত্রী ও উপদেষ্টাকে তাঁর কার্যালয়ে ডেকেছেন। বৈঠকে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত থাকতে পারেন।


শ্রমমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল


প্রধানমন্ত্রীর ডাকা জরুরি বৈঠকের কারণে সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শ্রমিক অসন্তোষের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় অংশ নিতেই তিনি সফর বাতিল করেছেন বলে জানা গেছে।


বিভিন্ন শিল্প এলাকায় বিক্ষোভ ও সংঘর্ষ


রোববার সকাল থেকেই রাজধানী ও আশপাশের বিভিন্ন শিল্প এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকরা। বিকেলের দিকে কয়েকটি এলাকায় পরিস্থিতি সহিংস রূপ নেয়।


গাজীপুরে বিক্ষুব্ধ শ্রমিকরা একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।


একই সময়ে রাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় পুলিশের একটি গাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে মুখোমুখি অবস্থান এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।


এসব ঘটনায় শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তাঝুঁকির কারণে ঢাকা ও আশপাশের শতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।


গঠিত হয়েছে ছয় সদস্যের মজুরি বোর্ড


এর আগে রোববার সকাল সাড়ে ১১টার দিকে পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনা ও নতুন বেতন নির্ধারণের লক্ষ্যে ছয় সদস্যের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে সরকার।


সরকারের এ উদ্যোগের পরও বিভিন্ন শিল্প এলাকায় বিক্ষোভ অব্যাহত থাকে। উদ্ভূত পরিস্থিতিতে শ্রমিকদের দাবি, কারখানার নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।