পোশাকশ্রমিকদের বিক্ষোভ-সহিংসতা: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জরুরি বৈঠক শুরু
পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও সহিংস পরিস্থিতি নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জরুরি বৈঠক শুরু হয়েছে। রোববার (১ নভেম্বর) সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।
বর্তমান পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রী ছয় থেকে সাতজন মন্ত্রী ও উপদেষ্টাকে বৈঠকে ডেকেছেন। এতে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী শাহী আলম ও শিমুল বিশ্বাস।
**ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে বিক্ষোভ**
রোববার সকাল থেকেই রাজধানী ও আশপাশের বিভিন্ন শিল্প এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকরা। বিকেলের দিকে কয়েকটি এলাকায় বিক্ষোভ সহিংস রূপ নেয়।
গাজীপুরে বিক্ষুব্ধ শ্রমিকরা একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
**মিরপুর ও আশুলিয়ায় সংঘর্ষ**
একই সময়ে রাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি গাড়িতেও আগুন দেওয়া হয়।
অন্যদিকে আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে মুখোমুখি অবস্থান এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শ্রমিক অসন্তোষ ও সহিংস পরিস্থিতির কারণে ঢাকা ও আশপাশের শতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে শ্রমিকদের মজুরির দাবি, কারখানার নিরাপত্তা এবং শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।