শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রমিক আন্দোলনের নামে সীমান্তের ওপারের ইশারায় দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার পর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পোশাকশিল্পের মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ এবং জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। শ্রমিকদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সহানুভূতির সঙ্গে ন্যূনতম মজুরি নির্ধারণের পরামর্শও দিয়েছেন তিনি। মালিক ও শ্রমিক উভয় পক্ষের আলোচনার মাধ্যমে বাস্তবতার নিরিখে এ মজুরি নির্ধারণ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট কিছু পক্ষ নিরীহ শ্রমিকদের ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
তিনি জানান, শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। আজই বোর্ডের প্রথম বৈঠক হতে পারে। অন্যথায় খুব শিগগিরই বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট সময়ের মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণ ও ঘোষণা করা হতে পারে।
সালাহউদ্দিন আহমদ বলেন, মজুরি বোর্ডের কার্যক্রমের জন্য ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। আশা করছি, সব পক্ষের সঙ্গে আলোচনা করে বোর্ড যথাসময়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করতে পারবে।