সোমবার , ০২ নভেম্বর ২০২৬
সোমবার , ০২ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › ষড়যন্ত্রকারীরা পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের

ষড়যন্ত্রকারীরা পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের

favicon
ভোরের আলো ডেস্ক:
ষড়যন্ত্রকারীরা পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের

ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী মহল পরিস্থিতি উসকে দিয়ে দেশের পোশাকশিল্প ধ্বংসের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।


সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।


পোস্টে তিনি উল্লেখ করেন, দেশের পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ড শিল্প খাতের জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে।


ডা. শফিকুর রহমান বলেন, কোনো মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। তিনি বিশ্বাস করেন, কোনো শ্রমিক এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত হবেন না।


তিনি আরও জানান, ইতোমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুমকে সামনে রেখে দেশের পোশাকশিল্পে যখন নতুন সম্ভাবনা তৈরি হয়, তখন সেই সম্ভাবনা নষ্ট করার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা উড়িয়ে দেওয়া যায় না।


এ পরিস্থিতিতে পোশাকশিল্পের স্বার্থ রক্ষায় মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক ও সতর্ক থাকার আহ্বান জানান জামায়াত আমির। একই সঙ্গে শিল্প খাতে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।