বুধবার , ০৪ নভেম্বর ২০২৬
বুধবার , ০৪ নভেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › উচ্চ আদালতের জামিনে কারামুক্ত জামায়াত নেতা আখতারুজ্জামান

উচ্চ আদালতের জামিনে কারামুক্ত জামায়াত নেতা আখতারুজ্জামান

favicon
ভোরের আলো ডেস্ক:
উচ্চ আদালতের জামিনে কারামুক্ত জামায়াত নেতা আখতারুজ্জামান

উচ্চ আদালতের দেওয়া জামিনে কারামুক্ত হয়েছেন জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।


সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ গণমাধ্যমকে তাঁর কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, সোমবার সন্ধ্যায় আখতারুজ্জামানের জামিনসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। পরে দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করে মঙ্গলবার সকাল ১০টায় তাঁকে মুক্তি দেওয়া হয়।


আখতারুজ্জামান রঞ্জনের আইনজীবী দলের সদস্য আজিম উদ্দিন পাটোয়ারী জানান, গত রোববার হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেন। ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করলে সোমবার আদালত ‘নো অর্ডার’ দেন। ফলে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকে।


এরপর প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে কারাগার থেকে মুক্তি পান তিনি।


এর আগে গত ১ অক্টোবর মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের ওমরাহযাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব নিয়ে আখতারুজ্জামান রঞ্জনের বাক্‌বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।


বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি দেওয়া এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় ২ অক্টোবর ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।