বুধবার , ০৪ নভেম্বর ২০২৬
বুধবার , ০৪ নভেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › মুগ্ধসহ ১১ জনকে হত্যা: ২৬ আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ আজ

মুগ্ধসহ ১১ জনকে হত্যা: ২৬ আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ আজ

favicon
ভোরের আলো ডেস্ক:
মুগ্ধসহ ১১ জনকে হত্যা: ২৬ আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে আজ বুধবার (৪ নভেম্বর)।


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপনের পাশাপাশি সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। গত ১১ অক্টোবর ট্রাইব্যুনাল এ তারিখ ধার্য করেন।


বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল মামলাটির বিচার পরিচালনা করছেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।


এর আগে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানসহ মোট ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। অভিযুক্তদের মধ্যে আটজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকি ১৮ জন এখনো পলাতক। তাঁদের মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, পুলিশের সাবেক কয়েকজন কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন।


রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবর্ষণের ঘটনায় ১১ জন নিহত হন।


অভিযোগে বলা হয়েছে, ১৮ জুলাই মুগ্ধ ছাড়াও নিহত হন জাহিদুজ্জামান তানভীন, শেখ ফাহমিন জাফর, শাকিল হোসেন, সাব্বির হোসেন ও সজিব সরকার। একই দিন উবারচালক মোখলেসুর রহমান দুর্জয়কে সাঁজোয়া যানবাহনের পেছনের চাকায় পিষ্ট করে হত্যার অভিযোগও রয়েছে।


এ ছাড়া ১৯ জুলাই গুলিতে নিহত হন রিদোয়ান শরীফ, ছাব্বির ইসলাম, আসাদুল্লাহ ও নাঈমা সুলতানা।


২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটি বিচারিক পর্যায়ে প্রবেশ করে। আজ রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে মামলার পরবর্তী কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।