বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জন্য ভারতীয় ভিসার ফর্ম সহজ করল হাইকমিশন
বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদনকারীদের ভোগান্তি কমাতে ভিসা আন্ডারটেকিং ফর্মের কাঠামো আরও সহজ করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। সংশোধিত এই ফর্মের মাধ্যমে আবেদনকারীরা নিজেরাই প্রয়োজনীয় তথ্য সহজে বুঝতে ও পূরণ করতে পারবেন। এতে ভিসা আবেদনের ক্ষেত্রে এজেন্টদের ওপর নির্ভরশীলতা কমবে বলে আশা করা হচ্ছে।
প্রায় তিন সপ্তাহ আগে নতুন ফর্মটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভিএসি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
সংশোধিত ফর্মে সব ধরনের ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার ক্ষেত্রে একটি অভিন্ন কাঠামো রাখা হয়েছে। এর ফলে আবেদনকারীরা সহজেই ফর্ম পূরণ করতে পারবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়াতেও আসবে আরও বেশি শৃঙ্খলা ও স্বাচ্ছন্দ্য।
ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ফর্মের কাঠামো পরিবর্তনের ফলে ভিসা পাওয়ার যোগ্যতার ক্ষেত্রে নতুন কোনো শর্ত যুক্ত করা হয়নি। বরং আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও আবেদনকারীবান্ধব করে তোলা এবং ভোগান্তি কমানোর চলমান উদ্যোগের অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে।