ধর্মের নাম বিক্রি করে বিভক্তির রাজনীতি করছে জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী
ধর্মের নাম ব্যবহার করে রাজনীতি করা একটি পক্ষের কর্মকাণ্ডে ধর্মীয় মূল্যবোধের কোনো প্রতিফলন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশে বিভক্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। স্বাধীনতার আগে ও পরে বিভ্রান্তিকর রাজনীতির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হয়েছে। আবারও সেই পথে হাঁটছে একটি পক্ষ।
শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়িতে আয়োজিত এক মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের তৈরি পোশাকশিল্পে যারা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের পেছনে ফ্যাসিবাদী শক্তির ইন্ধন রয়েছে। এ দেশের কিছু দোসর ইসলাম ধর্মের নাম ব্যবহার করে রাজনীতি করছে। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে ইসলামের মূল্যবোধের প্রতিফলন নেই।
তিনি বলেন, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। বিসমিল্লাহ সংযোজন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের সব জনগোষ্ঠীকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার রাজনীতি করে বিএনপি। এখানে সবার একটি অভিন্ন জাতীয় পরিচয় রয়েছে। জাতির মধ্যে কোনো ধরনের বিভেদ সৃষ্টি হোক, তা তারা চান না।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী দীর্ঘ আলোচনার মাধ্যমে প্রণীত জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি ইসলামী মূল্যবোধের সব বিষয় সংবিধানে ধারণ করা হবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে এবং ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সুগম করতে চায়, তাদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না।
তিনি বলেন, গণহত্যার জন্য যারা অনুতপ্ত নয় এবং গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারা আর বাংলাদেশে ফিরে এসে রাজনীতি করতে পারবে না। এ সময় তিনি দিল্লিতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদেরও ইঙ্গিত করেন।