আলোচনা শেষে দ্রুত সাইবার সুরক্ষা আইন করবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করবে সরকার। আইনটি সংবেদনশীল হওয়ায় সবার সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের মতামত নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সচিবালয়ে ফটো সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, সাইবার সুরক্ষা আইন নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা করা হবে। আইনটি এমনভাবে প্রণয়ন করতে চায় সরকার, যাতে সবাই সুরক্ষা পান। এ কারণে আলোচনা শেষ করেই আইনটি চূড়ান্ত পর্যায়ে নেওয়া হবে।
সাংবাদিক কিংবা গণমাধ্যমের মালিকদের গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি নেওয়ার একটি প্রস্তাবও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানান ইয়াসের খান চৌধুরী।
এদিকে চলমান শ্রমিক আন্দোলন প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল। তবে জনগণ তাদের ষড়যন্ত্র বুঝতে পেরেছে। মজুরি বোর্ড ঘোষণার পর শ্রমিকেরা কাজে ফিরে গেছেন বলেও দাবি করেন তিনি।