২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: স্পিকার
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যে ইশতেহারের পক্ষে রায় দিয়েছে, তাতে এই লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছেন স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৩০তম ইউএস ট্রেড শোর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, প্রস্তাবিত এই অর্থনীতি ভোগনির্ভরতার পরিবর্তে বিনিয়োগের ভিত্তিতে গড়ে তোলা হবে। বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা ও অর্থনৈতিক স্বার্থ সুরক্ষায় সরকার অর্থনৈতিক কূটনীতি জোরদার করছে। এর মাধ্যমে দেশের জন্য নতুন নতুন আন্তর্জাতিক বাজার উন্মুক্ত হবে এবং অর্থনৈতিক অগ্রগতির সুযোগ বাড়বে।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। এমন একটি পরিবেশ নিশ্চিত করা হচ্ছে, যেখানে মার্কিন কোম্পানিগুলো স্বাচ্ছন্দ্যে উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং শ্রম আইন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে।
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।