শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রমিকদের আন্দোলনের নামে একটি পক্ষ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের কর্মকাণ্ডে পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। তাঁর ভাষ্য, চলমান এই আন্দোলন প্রকৃতপক্ষে শ্রমিকদের আন্দোলন নয়।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।
এ সময় শ্রমিকদের আন্দোলন বন্ধ করে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শ্রমিকদের যৌক্তিক মজুরি নির্ধারণের লক্ষ্যে মজুরি বোর্ড ইতোমধ্যে কাজ শুরু করেছে। নির্ধারিত সময়ের আগেই বোর্ড এ বিষয়ে সুপারিশ দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আগামী জানুয়ারি থেকে শ্রমিকেরা নতুন মজুরি পাবেন। শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।