বুধবার , ০৪ নভেম্বর ২০২৬
বুধবার , ০৪ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › চার সমুদ্রবন্দর থেকে ৩ নম্বর সতর্ক সংকেত নামানোর নির্দেশ

চার সমুদ্রবন্দর থেকে ৩ নম্বর সতর্ক সংকেত নামানোর নির্দেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
চার সমুদ্রবন্দর থেকে ৩ নম্বর সতর্ক সংকেত নামানোর নির্দেশ

ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা না থাকায় দেশের চার সমুদ্রবন্দর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।


মঙ্গলবার (৩ নভেম্বর) সামুদ্রিক আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ অন্ধ্র উপকূল এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার ভোরে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের দক্ষিণ অন্ধ্র উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি দক্ষিণ অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে।


ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।


এ অবস্থায় সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।


এদিকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। এসব নদীবন্দরকে কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।