প্রথমবারের মতো বাংলাদেশে সোলার এক্সপো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশে সৌরবিদ্যুতের ব্যবহার ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতোমধ্যে তিনি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বুধবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ প্রদর্শনীর উদ্বোধন করার কথা রয়েছে।
‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’ প্রতিপাদ্য নিয়ে দুই দিনব্যাপী এ আয়োজন চলবে আগামী ৪ নভেম্বর পর্যন্ত। প্রদর্শনীটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী এক্সপোর বিভিন্ন স্টল পরিদর্শন করবেন। সেখানে সৌরবিদ্যুৎ উৎপাদন, ব্যবহার এবং এ খাতের আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।
বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে প্রথমবারের মতো এ সোলার এক্সপোর আয়োজন করেছে।
আয়োজন চলাকালে সৌরবিদ্যুতের বিভিন্ন দিক, দেশব্যাপী এর সম্প্রসারণ এবং জাতীয় জ্বালানি মিশ্রণে সৌরবিদ্যুতের অংশ বাড়ানোর বিষয়ে চারটি সেমিনার অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বাসাবাড়ির ছাদসহ অব্যবহৃত জমিতে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে সাধারণ মানুষকে উৎসাহিত করার বিষয়েও সেমিনারগুলোতে আলোচনা করা হবে।
আয়োজকদের প্রত্যাশা, এ প্রদর্শনীর মাধ্যমে সৌরবিদ্যুৎ খাতের সম্ভাবনা, নতুন প্রযুক্তি এবং বিনিয়োগের সুযোগ সম্পর্কে জনসচেতনতা বাড়বে।